পিরোজপুরে ২৬ শহীদ পরিবারকে সম্মাননা
কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের দেশপ্রেম ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ পিরোজপুরে ২৬ পুলিশ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. নাজিমুল হক।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন (পিপিএম, সেবা) এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিবিআই পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সদর থানার অফিসার ওসি আ. জ. ম. মাসুদুজ্জামান।
সভায় সম্মাননা হিসেবে ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩ পুলিশ সদস্যর পরিবারকে নগদ ৫০ হাজার টাকা, ক্রেষ্ট, সনদপত্র ও ২০২০ সালের আগে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ২৩ পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এর আগে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
