মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার চিলতলা গ্রামে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা চান মিয়াকে (৫৫) পিটিয়ে আহত করেছে বখাটেরা। রবিবার সন্ধ্যায় চিলতলা বাজারে খোকন, এমদাদুল হক ও সোবাহানের নেতৃত্বে ৪/৫ জন বখাটে এ হামলা চালায়। এ সময় গুরুতর আহত চানমিয়াকে স্থানীয়রা উদ্ধার করে স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন চান মিয়া অভিযোগ করে বলেন, তার মেয়ে শহীদ স্মৃতি বিএম কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী লিপিকে একই গ্রামের হারুনের ছেলে বখাটে এমদাদুল হক উত্যক্ত করে আসছে। বিষয়টির প্রতিকার চেয়ে এমদাদুলের বাবা হারুন এর কাছে নালিশ করেন চানমিয়া। এ সময় হারুন তার ছেলে এমদাদুলের পক্ষ নিয়ে উল্টো মেয়েকে সামলানোর জন্য চান মিয়াকে ছবক দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে হারুনের ছেলে খোকন ও এমদাদুল তাদের বন্ধু সোবাহনের নেতৃত্বে আরো ২/৩ জন সাঙ্গপাঙ্গ নিয়ে রবিবার সন্ধ্যায় চান মিয়াকে বাজারের মধ্যে ফেলে বেদম মারপিট করে। মারপিটের খবর পেয়ে দৈহারী ইউপি চেয়ারম্যান মো. জাহারুল ইসলাম ও ইউপি সদস্য লিটন মৃধা ঘটনাস্থলে এসে আহত চান মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন।
এ বিষয় চেয়ারম্যান জাহারুল ইসলাম বলেন, পাশেই একটি সালিশে বৈঠকে বসে বাজারে মারামারি হচ্ছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় বখাটেরা পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান বলেন, সকালের একটি ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় চান মিয়াকে মারধরের ঘটনা হয়েছে। চান মিয়া সুস্থ হওয়ার পরে উভয় পক্ষকে নিয়ে মিমাংসার চেষ্টা করা হবে। এ রিপোটর্ লেখার সময় পর্যন্ত থানায় মামলা হয়নি।
