ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরের দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচি পালন
পিরোজপুরে ছাত্রলীগের দুই গ্রুপ আলাদা আলাদা ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সমর্থিত গ্রুপ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে বিশাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে শোভাযাত্রটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে এখানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়াল সমর্থক গ্রুপ জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়ালসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
