মুক্তিযুদ্ধের বই নতুন প্রজন্মকে পড়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি মুক্তিযুদ্ধের বই নতুন প্রজন্মকে পড়ার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আবার ফিরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না এলে আজ হয়তো দেখা যেত দেশের শাসন ক্ষমতায় জগদ্দল পাথরের মত বসে আছে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী, এটিএম আজহারুল হক, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদীর মত পাকিস্তানী প্রেমিকরা।
বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতার বই মেলার শুভ উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ২৬টি স্টল নিয়ে আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মনিরা পারভীন।
জেলা প্রশাসন আয়োজিত এ বই মেলার উদ্বোধনী সভায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম সেবা, পিরোজপুর প্রেসক্লাবের কনভেনর গৌতম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ বিশে^র বিষ্ময়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। দুর্বার গতিতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এগিয়ে চলেছে। বর্তমান প্রজন্ম যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে, তাদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই এবং মুক্তিযুদ্ধের বই পড়ার প্রেরণা যোগাতে হবে। তাহলেই তাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হবে, ইতিহাস বিকৃতি বন্ধ হবে। ইতিহাসের চর্চা না করলে ইতিহাস বিকৃত হয়। ৪ দিনব্যাপী এ মেলায় মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং পিরোজপুরের বেশ কয়েকটি লাইব্রেরী অংশগ্রহণ করেছে।
