মঠবাড়িয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা ॥ মাইক ভাংচুর ও ছিনিয়ে নেয়ার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাংচুর করে নিয়ে গেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা। এমনকি পেশী শক্তি দেখিয়ে তার কর্মীদের প্রচারের জন্য ঘর থেকে বের হতে দিচ্ছেন না।
উপজেলার ৪নং দাউদখালী ইউপি’র লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ¦ মো. সেকান্দার আলী খান বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া ডাকবাংলোয় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী মো. ফজলুল হক রাহাত খানের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এসকল ঘটনায় তিনি থানায় মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী।
এদিকে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক রাহাত খান এ সকল অভিযোগ অস্বীকার করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মঠবাড়িয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির মৃধা, স্বেচ্ছা সেবক পার্টিও সভাপতি আব্দুর রহমান আল নোমান প্রমুখ।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল লিখিত অভিযোগ সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
