বাগেরহাটে নারী উদ্যোক্তাদের ই-কমার্স প্রশিক্ষণ
বাগেরহাটের নারী উদ্যোক্তাদের ই-কমার্সে দক্ষ করতে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাগেরহাট উইমেন্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বাগেরহাটের জেলা সমন্বয়কারী রিজিয়া পারভীন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দারসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নারী উদ্যোক্তারা অর্থনীতির চাকাকে সচল করতে কাজ করে যাচ্ছে। নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংক ঋণসহ নানা সুবিধা রয়েছে নারীদের জন্য। শুধু চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে নারী প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।
