ক্লিনিক মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাটের মোড়েলগঞ্জে মশিউর রহমান মুকুল (৫২) নামের এক ক্লিনিক মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে রবিবার দুপুরে মোড়েলগঞ্জ পৌর শহরের মেইনরোডস্থ নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে পুলিশ মুকুলের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মুকুলের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মশিউর রহমান মুকুল মোড়েলগঞ্জ শহরের ডা. আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। সে মোড়েলগঞ্জ পৌর শহরের মেইনরোডস্থ রাইসা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টার এবং রাইসা মটরস এর মালিক। রাইসা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের তৃতীয় তলায় পরিবারসহ বসবাস করতেন মশিউর রহমান মুকুল। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
মশিউর রহমান মুকুলের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হেলেনা বেগম বলেন, তার স্বামী (মুকুল) করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা নেগেটিভ হওয়ার পরে তার মানষিক সমস্যা হয়। সে কারণেই আত্মহত্যা করতে পারে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় ফাঁস ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
