স্বরূপকাঠিতে বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণি শিক্ষককে পদক প্রদান
পিরোজপুরের স্বরূপকাঠির কামারকাঠি অরণি পাঠাগার স্থানীয় ৭ জন গুণি শিক্ষককে শিক্ষাবিদ হাবীবুল্লা স্মৃতি পদক ২০২১ এ ভূষিত করেছে।
মঙ্গলবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে উপজেলার জলাবাড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিকেল ৩টায় এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় গুণি শিক্ষকদের হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পদকপ্রাপ্ত শিক্ষকরা হলেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিরঞ্জণ হালদার, মো. আব্দুল হাই, মো. আ. হালিম, আশুতোষ মিস্ত্রী, বিভা রানী সুতার, পুষ্প রানী মিস্ত্রী ও বিচিত্র বরণ মিস্ত্রী।
অরণি পাঠাগারের সভাপতি ধীরেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ বেগম ফয়জুন্নাহার শেলী, নেছারাবাদ উপজেলা শিক্ষক সমিতি ও পাঠাগারের সম্পাদক মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড অধ্যাপক নিরঞ্জণ হালদার প্রমুখ।
উল্লেখ্য, কবি জীবনানন্দ দাশের ছাত্র মো. হাবীবুল্লাহ ১৯৫৪ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ এবং পরে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাস করেন। ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কাজ করার পর নিজ এলাকা স্বরূপকাঠি ফিরে এসে কয়েকটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্বরূপকাঠিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে জমি ও অর্থসহ নানাবিধ শিক্ষা উন্নয়ন কর্মকান্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
