স্বরূপকাঠী গ্রন্থাগারের বিনামূল্যের অক্সিজেন সেবা
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) ফোন করলেই বিনামূল্যে অক্সিজেন সেবা দিবে স্বরূপকাঠি গ্রন্থাগার। ‘স্বরূপকাঠি গ্রন্থাগারে উদ্যেগে অক্সিজেন সেবা বিনামূল্যে’ এ শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি বিনামূল্যে তাদের অক্সিজেন সেবা চালু করেছে। এ উপলক্ষে রবিবার বিকেরে স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডে উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত গ্রন্থাগারে স্বাস্থ্যবিধি মেনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন বিনামূল্যের অক্সিজেন সেবার উদ্বোধন করেন।
সংগঠনের সভাপতি গোলাম হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া।
সংগঠনের সভাপতি মো: গোলাম হাফিজ জানান, নেছারাবাদ উপজেলায় মহামারি আকারে করোনা ছড়িয়ে পড়েছে। তাই করোনা আক্রান্ত রোগীদের কথা চিন্তা করে সংগঠনের লোকেরা বিনামূল্যের এ অক্সিজেন সেবা চালু করেছে। আমাদের এ বিনামূল্যের অক্সিজেন সেবা পেতে হলে কোন বেগ পেতে হবেনা। শুধুমাত্র আমাদের দেওয়া হটলাইনে মাত্র একটি ফোনেই পৌঁছে যাবে অক্সিজেন।
সংগঠনের সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম রনি জানান, আমরা প্রাথমিকভাবে ৬টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাত্রা শুরু করেছি। আক্রান্তদের চাহিদা বুঝে আরো সিলিন্ডার সরবরাহ করা হবে। তিনি আরো জানান, আমাদের বিনামূল্যের অক্সিজেন পেতে হলে ডাক্তারি পরামর্শপত্র ও অক্সিজেন সিলিন্ডার নেওয়া ব্যক্তির জাতিয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) জমা দিলেই পেয়ে যাবে অক্সিজেন সিলিন্ডার।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, দেশের এই ক্রান্তিকালে স্বরূপকাঠী গ্রন্থাগারের বিনামূল্যের অক্সিজেন সেবাকে স্বাগত জানাচ্ছি। এটি একটি মহৎ উদ্যোগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, দেশে যেভাবে মহামারি আকারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তা খুবই চিন্তার বিষয়। যদিও এখন পর্যন্ত আমাদের উপজেলা হাসপাতালে যে অক্সিজেন সিলিন্ডার সরবারহ আছে তাতে কারো সমস্যা হচ্ছেনা। তারপরও প্রতিদিন এ উপজেলায় করোনা রোগী বাড়ছে সে হিসেবে দেশের এ দু:সময়ে স্বরূপকাঠী গ্রন্থাগারের বিনামূল্যে অক্সিজেন সেবা বিশাল এক সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ। তাদের এ কাজকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, স্বরূপকাঠী গ্রন্থাগার একটি সম্পূর্ন শিক্ষামূলক সামাজিক সংগঠন। উপজেলার শিক্ষিত বন্ধুমহলের উদ্যোগে ২০১০ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। সেই থেকেই উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নানা শিক্ষা উপকরণ দিয়ে আসছে সংগঠনটি। এছাড়াও, দেশে নানান প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে তারা অসহায় মানুষের পাশে দাড়িয়ে থাকে।
