পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের ফলে পিরোজপুরে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শেণি-পেশার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রীর খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ করা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণ তহবিল থেকে এসব বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- নগদ অর্থ, চাল, দুধ ও অন্যান্য খাদ্য সামগ্রী।
বুধবার পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে এবং কুমিরমারা আশ্রয়ন প্রকল্প-২ এর বাসিন্দাদের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এদিন চায়ের দোকানদার, শ্রমিক, জেলে, ডেকোরেটর শ্রমিক, প্রতিবন্ধি এবং বিধবা নারীদের হাতে এই সহায়তা ও নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি উপস্থিত ছিলেন।
