ইসরাইলের হামলা, নির্যাতন ও মুসলমানদের হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনে মসজিদুল আল আকসায় নামাযরত মুসল্লিদের উপরে হামলা ও ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বর ইসরাইলী নির্যাতন-নিপীড়ন ও হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা।
শুক্রবার আসর নামাজবাদ পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ওলামা পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নূরুল্লাহ, বলাকা ক্লাব মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান, বাইতুশ সালাম মসজিদের ইমাম মুফতি আহসান উল্লাহ, সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল, পুরাতন জামে মসজিদের ইমাম মুফতি আনিসুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে মসজিদুল আল আকসায় নামাযরত মুসল্লিদের উপরে হামলা ও ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বর ইসরাইলি নির্যাতন-নিপীড়ন ও হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। তারা বলেন, জাতিসংঘ মুসলমান রক্ষায় কোন ভূমিকা রাখছে না। মুসলমান নিধন চলছে তখন বিশ্ব মোড়লরা নিরব। এ অবস্থায় বিশ্ব মুসলিম এক হওয়ার বিকল্প নেই। ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের হামলা বন্ধ করতে হবে চিরতরে। আল-আকসা থেকে ইসরাইলের সবধরণের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পবিত্র মসজিদটিতে যাতে মুসলমানরা নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারেন সেটি করতে হবে নিশ্চিত। আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার না হওয়ায় বার বার ইসরাইল ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে।
