পিরোজপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব এডহক কমিটির আহবায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সবায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তিনি বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ঠিকই, তবে রাজনৈতিক প্রভাব দূর করে সন্ত্রাসীদের প্রতিহত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সাংবাদিকদের সম্পূর্ণ নিরাপত্তা আছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকলে এবং বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ তুলে ধরলে কোন ভয় থাকবে না। পিরোজপুর শহরের আইন শৃঙ্খলা ঠিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, এ কে আজাদ, সহ-সভাপতি শিরিনা আফরোজ, হাসান মামুন ও সদস্য সচিব রেজাউল ইসলাম শামিম প্রমুখ।
পরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সুরক্ষায় হ্যান্ডস্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
