যাদের মুভমেন্ট পাস লাগবে না
করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী। বাইরে কাজ ও চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। তবে ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতালে কাজ চলছে। জরুরিসেবা খাতগুলোও খোলা রয়েছে। এ কঠোর বিধিনিষেধের আওতামুক্ত তারা।
কিন্তু সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশের চালু করা ‘মুভমেন্ট পাস’ প্রক্রিয়া থেকে এরইমধ্যে জটিলতা দেখা দিয়েছে। কাদের মুভমেন্ট পাস লাগবে এবং কাদের লাগবে না, এ নিয়ে ভুল-বোঝাবুঝির ঘটনাও ঘটছে। পুলিশ অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যাদের মুভমেন্ট পাস লাগার কথা না, যারা জরুরিসেবার আওতায়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর জানিয়েছে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো। তাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।
যাদের মুভমেন্ট পাস লাগবে না-
ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফ, কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ, ব্যাংকার, ব্যাংকের অন্যান্য স্টাফ, সাংবাদিক, গণমাধ্যমের ক্যামেরাম্যান, টেলিফোন ও ইন্টারনেট সেবাকর্মী, বেসরকারি নিরাপত্তাকর্মী, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা ও কর্মচারী, অফিসগামী সরকারি কর্মকর্তা, শিল্পকারখানা এবং গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মকর্তা ও কর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, ডাকসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি ও কর্মকর্তা এবং বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তা। এসব ব্যক্তিদের সংশ্লিষ্ট পরিচয়পত্র দেখালেই চলবে।
চেকপোস্টগুলোতে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।
