পিরোজপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পিরোজপুরে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আলী হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।
সেমিনারে সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, ইউনিয়নের দফাদার- চৌকিদারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব সীমাহীন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গতিশীল নেতৃত্বে এবং গৃহিত বিভিন্ন পদক্ষেপের ফলে নিরব বিপ্লব সংঘটিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে পুন:গঠন করে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নামে দুইটি পৃথক বিভাগ করা, জাতীয় দক্ষতা-উন্নয়ন নীতিমালা ২০১১ প্রণয়ণ, করোনাকালে সংসদ টিভি, ফেইজবুক লাইফ, গুগল ক্লাশরুম, ইউটিউবসহ অন্যান্য ভার্চ্যুয়াল মিডিয়ার মাধ্যমে নিয়মিত ক্লাশ পরিচালনা কর, ৫৫টি ট্রেডে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ প্রদান, মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ১০০টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, নিরাপদ অভিবাসনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওয়েজআর্নাস কল্যাণ বোর্ড তহবিল গঠন, ৮টি বিভাগে ৮টি মহিলা টিএসসি স্থাপনের প্রক্রিয়া চূড়ান্তকরণ, দেশের ৬৪টি জেলায় ৬৪টি টিএসসি আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে। আর এর সুফল হচ্ছে ২০০৯ সালের ১ শতাংশ এনরোলমেন্ট থেকে এখন তা ১৮ শতাংশে দাড়িয়েছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪১ সালে ৫০ শতাংশ তরুন-তরুনী, যুবক-যুবতিকে কারিগরী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা।
পাচারকারীদের খপ্পরে বা ভূয়া প্রতিষ্ঠানের খপ্পরে পরে যাতে কেউ সর্বশান্ত না হয় সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে মিডিয়াকর্মী ও জনপ্রতিনিধিদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বলেন, পিরোজপুরে প্রতিষ্ঠানটি ২০১৭ সালে চালু হলেও এ পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হয়েছে।
