আ’লীগ নেতাদের সম্পর্কে মিথ্যাচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পিরোজপুর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এক প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা, থানা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে পিরোজপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, গত ১১ ডিসেম্বর পিরোজপুর পৌরসভা নির্বাচনের মনোনয়ন ফরম নিয়ে জনৈক এক মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগসহ জেলা নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা মিথ্যাচার ও বিশোদাগার করেন। এ মিথ্যাচার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দুই একটি গণমাধ্যমে প্রকাশ পায়।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যাচার করা ব্যক্তির সম্পর্কে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, ওই ব্যক্তি বর্তমানে পিরোজপুর আওয়ামী লীগের প্রাথমিক সদস্যও নন। সংবাদ সম্মেলনে দাবি করা হয় জসিম উদ্দিন খান নামের ওই ব্যক্তি পৌর আওয়ামী লীগের কাছে কোন মনোনয়ন ফরম চাননি। অথচ তিনি মনোনয়ন ফরম চেয়ে পাননি বলে মিথ্যা অভিযোগ করেছেন। এছাড়া তিনি তৃণমূল থেকে নাম পাঠানো দুইজন ত্যাগী ও গুরুত্বপূর্ণ নেতাদের অযোগ্য সম্পর্কে অভিহিত করেছেন। কিন্তু এ দু’জন জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন নান্না। সংবাদ সম্মেলনে জেলা, সদর উপজেলা, পৌর আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
