প্রধান সূচি

পিরোজপুর পৌরসভা নির্বাচন

মেয়র প্রার্থীরা ঢাকায় লবিং এ ব্যস্ত ॥ কাউন্সিলর প্রার্থীরা মাঠে

পিরোজপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী। নির্বাচন কমিশন থেকে দ্বিতীয়বার ঘোষিত তফসিলে দেশের ৬১ পৌরসভার নির্বাচনের মধ্যে পিরোজপুর সদর পৌরসভার নাম রয়েছে। এই নির্বাচনে প্রথমবারের মতো পিরোজপুরে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, তফসিল ঘোষণার আগে থেকেই সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দোয়া চাওয়াসহ গণসংযোগ ও সভা-সমাবেশে করে আসছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং করে চলছেন। তারা দলীয় মনোনয়নের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাও দিয়েছেন। যদিও পিরোজপুর জেলা আওয়ামী লীগ থেকে মেয়র পদে তিনজনের নামের একটি তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এর বাইরেও কয়েকজন ঢাকার ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
পিরোজপুর জেলা আওয়ামী লীগ থেকে সুপারিশকৃত তালিকায় মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল হুদা আলম। এরা ঢাকা থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে ইতিমধ্যে জমা দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ জানান, জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রে পাঠানো তালিকার তিন মেয়র প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিয়েছেন। এর বাইরে অন্য কেউ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কিনা তা জানা নেই।
এদিকে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে জেলা থেকে পাঠানো তালিকার বাইরে শুক্রবার আরও দুইজন মেয়র প্রার্থী ঢাকা থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের পাশাপাশি ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের কাছে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।
এদিকে, দলীয় মনোনয়নের লক্ষে মেয়র প্রার্থীরা ঢাকায় অবস্থান করলেও এলাকায় চলছে নানান গুঞ্জন। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন, কার ভাগ্যে জুটছে নৌকা প্রতিক। এ নিয়ে পিরোজপুর জুড়ে চলছে নানা আলোচনা। একবার পৌর চেয়ারম্যান এবং পরপর দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত বর্তমান মেয়র হাবিবুর রহমান মালেক কি আবারও দলীয় মনোনয়ন পাচ্ছেন, নাকি নতুন কোন প্রার্থী বিশেষ করে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান এবার দলীয় মনোনয়ন পাবেন। এসব নিয়ে এলাকায় নানান আলোচনার পাশাপাশি চলছে নানা বিশ্লেষন।
আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদে ইতিমধ্যে ৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। পাশাপাশি দলীয় মনোনয়নের জন্য কাউন্সিলর প্রার্থীরাও আবেদন করেছেন।
এদিকে, মেয়র প্রার্থীরা যখন ঢাকায় লবিং এ ব্যস্ত তখন এলাকায় পুরোদমে নির্বাচনী কাজ করে চলছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। তারা ব্যানার, পোষ্টার দিয়ে নিজেদের প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial