স্বরূপকাঠীতে দরিদ্র কৃষকের বসতঘর ভেঙ্গে জমি দখলের চেষ্টা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সেহাংগল গ্রামের দরিদ্র কৃষক মোশারেফ হোসেনের বসতঘর ভেঙ্গে জমি দখলের চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার সকালে ওই গ্রামের লিটু শেখ ও জাহিদ শেখের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী মোশারেফ এর বসতঘর ভেঙ্গে ফেলে এবং আসবাবপত্র তছনছ করে বাইরে ফেলে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদ শেখ ও তার বাবা শেখ মোহাম্মদ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।
ঘরের মালিক দরিদ্র মোশারেফ অভিযোগ করেন লিটু ও জাহিদের চাচা জাহাংগীরের কাছ থেকে এক বছর আগে তিনি ১৬ শতাংশ জমি ক্রয় করেন। সেখানে তিনি ঘর নির্মান করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। প্রতিপক্ষরা তাদের ওয়ারিসের ওই জমি ফিরিয়ে দেয়ার জন্য তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে ব্যর্থ হয়। এতে ক্ষুব্ধ হয়ে লিটু শেখরা ঘর ভেঙ্গে মোশারেফকে উচ্ছেদের চেষ্টা চালায়।
