ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন ॥ মেয়র পদে সম্ভাব্য প্রার্থী দুই জন
সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে দেশের সকল স্থানে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ধাপে ধাপে নির্বাচন শুরু হওয়ার সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌরসভায় নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এতে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী দুইজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হচ্ছেন জাতীয় পার্টি (জেপি)’র প্রার্থী গোলাম সরওয়ার জোমাদ্দার এবং আওয়ামী লীগের প্রার্থী ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার।
গোলাম সরওয়ার জোমাদ্দার সাবেক ৬নং ভান্ডারিয়া সদর ইউনিয়নের টানা চারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি পৌরসভার কাউন্সিলর পদে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা সদরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রসার পরিচালনা পরিষদের সভাপতি, আবার কোন প্রতিষ্ঠানের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি উপজেলা বিআরডিবি’রও চেয়ারম্যান। তার রাজনৈতিক জীবনের শুরু থেকে জাতীয়পার্টি- জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দল করে আসছেন। বর্তমানে তিনি উপজেলা জেপি’র যুগ্ন আহবায়ক এবং পৌর জেপি’র উপদেষ্টা পদে রয়েছেন।
এদিকে, একই বাড়ির এবং একই গোষ্ঠির বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারকে সম্প্রতি আওয়ামী লীগের এক সভায় নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জেলা এবং উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। ফাইজুর রশিদ জোমাদ্দার খসরু ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রানীতির সদস্য। তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবেও পরিচিত।
