নাজিরপুরে বাতাবি লেবু চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন ও কুপিয়ে জখম
পিরোজপুরের নাজিরপুরে বাতাবি লেবু খাওয়া নিয়ে হামিম তরফদার নামের ১১ বছরের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন ও পরে কুপিয়ে মাথায় জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামে। আহত হামিম তরফদার ওই গ্রামের শাহেদুল তরফদারের ছেলে এবং উপজেলার মাটিভাঙ্গার হাজী আব্দুল গাণি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত শিশুটির পিতা শাহেদুল তরফদার জানান, তার ছেলে গত মঙ্গলবার বিকেলে তার দাদী বাহারন বেগমের গাছের একটি বাতাবি লেবু পেড়ে ৬ জন বন্ধু মিলে খায়। এ ফল খাওয়া দেখে পার্শ্ববর্তী জাফর শেখ তার গাছের ফল খেয়েছে ভেবে ক্ষিপ্ত হন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার দুুপুরে ওই শিশুটি বাড়ির পাশের নদীতে গোসল করার সময় তাকে ডেকে নিয়ে নদীর পাড়ের একটি মেহগিনি গাছের সাথে গামছা দিয়ে বেঁধে বেধম মারধর করে। পরে মাথায় কুপিয়ে আহত করে মৃত্যু ভেবে ফেলে রাখে। বিষয়টি স্থানীয় লোকজন একটি শিুশুর মুখে শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় জানান, শিশুটিকে কুপিয়ে আহত করা হয়েছে।
অভিযুক্ত জাফর শেখ জানান, গত ২ দিন আগে ওই শিশুটি তার গাছের বাতাবি লেবু চুরি করে খায়। বিষয়টি জানতে চাইলে সে আমাকে ঘুষি মারে। এতে তাকে একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এতে তার পিতা ও আত্মীয় স্বজন আমার উপর হামলা করেছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এখনো এমন কোন খবর পাইনি। তার পরেও খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
