পাইকগাছায় আন্তর্জাতিক শকুন দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় পাইকগাছার শকুন সুরক্ষায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে নতুন বাজারে সংগঠনের কার্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। বক্তব্য রাখেন, কবি মাধুরী রাণী সাধু, নারায়ন চন্দ্র ঘোষ, গোবিন্দ লাল রায়, আশিস রায় চৌধুরী মিন্টু, রোজি সিদ্দিকী, জামাল হোসেন, অভিজিৎ রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শকুন আমাদের অতি পরিচিত পাখি। এক সময় বাংলাদেশের গ্রামগঞ্জে গরু, মহিষসহ গবাদি পশুর মৃতদেহ যেখানে ফেলা হতো সেখানে দলে দলে শকুন হাজির হতো। মৃত প্রাণি বা পঁচাগলা ও বর্জ্য শকুনের খাবার। মৃতদেহ পঁচে রোগ ছড়ানোর আগেই তা খেয়ে সাবাড় করে দিতো। তাই শকুন প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মি হিসাবে পরিচিত। কিন্তু এখন আর আগের মত শকুন দেখা যায় না। নির্মল পরিবেশ ও সুস্থ্য প্রকৃতির জন্য মহাবিপন্ন বাংলা শকুন রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। অনেক দেরিতে হলেও জানা গেছে, শকুন অশুভ কোন পাখি নয়, তারা মানুষের বন্ধু। তাই শকুনের প্রজনণ স্থল, বিশ্রামস্থল, বাসা ও বিচরণ এলাকার বড় গাছ সংরক্ষণ করতে হবে। শকুন সংরক্ষণে গুরুত্ব সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ ও উদ্বুদ্ধ করতে পারলে শকুন সুরক্ষা পদক্ষেপ সার্থক হবে। ভালচার ডে ডট ও আরজির মতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার পালিত হয় শকুন সচেতনতা দিবস। বিলুপ্ত প্রায় এ শকুনকে বাঁচাতে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোই শকুন সচেতনতা দিবসের উদ্দেশ্য।
