পিরোজপুরে পৌর কাউন্সিলর আব্দুল হাই কারাগারে
পিরোজপুরে বিরোধীয় একটি জমি দখল ও এক বৃদ্ধার হাত ভেঙ্গে দেয়াসহ কয়েকজনকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা একটি মামলায় পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই হাওলাদারকে কারাগারে পাটিয়েছে আদালত। একই মামলার ইলিয়াস হাওলাদার (৪০) নামে আরেক আসামীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীদ্বয় জামিন নিতে এলে তাদেরকে কারাগারের প্রেরণ করার নির্দেশ দেন বিচারক পল্লবেশ কুন্ডু। মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামীসহ আদালতে জামিন নিতে আসা অন্য আরেক আসামী আলীম খানের জামিন মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ৩০ আগষ্ট পিরোজপুর পৌরসভার এলাকার বাইপাস সড়কের সার্জিকেয়ার ক্লিনিকের সামনে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল ও এক বৃদ্ধাসহ কয়েকজনকে পিটিয়ে আহত করার ঘটনায় ওইদিন রাতে কাউন্সিলর আব্দুল হাইকে ১নং আসামী করে নামীয় ১৭জনসহ আরও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
