বাগেরহাটে মুক্তিযোদ্ধার উপর হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধার উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মৃত করম আলী সরদারের ছেলে শাহাজান সরদার (৭২) বাদী হয়ে সদর উপজেলার গোবরদিয়া গ্রামের আজিজুল, জসিম, আলামিন, মিলন,রাবেয়া, জেসমিন ও নাজু হোসেনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে জানা যায়, গত ২৭ জুন সকালে শাহাজান সরদার নিজ বাড়িতে অবস্থানকালে আসামীরা বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে। আসামীরা রামদা, লোহার রড, লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এতে একাধিক আঙ্গুলসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় ও সমস্ত শরীর ফোলা জখম হয়। ঘটনার এক পর্যায়ে আসামীরা তার ঘরের ড্রয়ার খুলে ৫২ হাজার ৫ শত টাকাসহ বসতঘরের টিন ভাংচুর ও ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামীরা খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী শাহাজান সরদার জানান, আমি পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা নিয়ে প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছি। আসামীরা লোভের বশবর্তী হয়ে বিভিন্ন সময় সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করে ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা হওয়ার পরেও এবার আমার উপর হামলা চালালো। আমি এর সঠিক বিচারের দাবী জানাই।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
