চিতলমারীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা পজেটিভের সংখ্যা
বাগেরহাটের চিতলমারীতে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে করোনা পজেটিভের সংখ্যা।
গত এক সপ্তাহে এ উপজেলায় কলেজ অধ্যক্ষ, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, পল্লী চিকিৎসক, ছাত্রলীগ নেতাসহ অন্তত ১৫ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ উপজেলা মোট করোনা পজেটিভের সংখ্যা ২৫ জন। এরমধ্যে ৬ সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, চিতলমারী উপজেলা আওয়ামী লীগ, থানা প্রশাসন ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সকলের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতায় প্রথম থেকে চিতলমারীতে করোনা শনাক্তের হার কম থাকলেও হঠাৎ করে গত এক সপ্তাহে চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাসুদেব চন্দ্র সাহা স্বস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও চিতলমারী দলিল লেখক সমিতির সভাপতি ও মুন্সী দেলোয়ার হোসেন, কলাতলা কৃষি ব্যাংকের এক কর্মকর্তা, একটি প্রাইভেট ক্লিনিকের ৪ স্টাফ, এক ছাত্রলীগ নেতাসহ অন্তত ১৫ জন করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, কিছু স্বাস্থ্য বিধি মেনে চললেই করোনা থেকে দূরে থাকা সম্ভব। তাই আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তিনি আরোও জনান, চিতলমারীতে যে সকল ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত হয়েছে নিয়মিত তাদের খোঁজ খবর রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম জানান, করোনা প্রাদর্ভাব ও বিস্তার রোধে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের খাদ্য ও চিকিৎসা দেয়া হচ্ছে।
