পাইকগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ
পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নের মঠবাটী ৩নং ওয়ার্ড সদস্য জগন্নাথ দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত করোনা সহায়তা উপহার মানবিক কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের ১১নং ওয়ার্ড সদস্য শেখ কামরুল হাসান টিপু বরাবর অভিযোগ প্রদান করা হয়। অভিযোগ পত্রে মঠবাটী গ্রামের ১৩৭জন ব্যক্তির স্বাক্ষর রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঠবাটী ৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ প্রধানমন্ত্রীর প্রদত্ত করোনা সহায়তার উপহার মানবিক কার্ড তার মায়ের নামে ও তার জ্যাঠাতো ভাইয়ের নামে দিয়েছে। সরকারি চাকুরীজীবির স্বামীর নামেও কার্ড দিয়েছে। তাছাড়া স্বচ্ছল, পাঁকা দালানবাড়ী, গাড়ী, জমিজমা রয়েছে এমন ব্যক্তিদেরকে তিনি কার্ড দিয়েছেন। অথচ গ্রামের অত্যন্ত গরীব মানুষ মানবিক সহায়তার কার্ড পায়নি। এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে ৩নং ওয়ার্ড সদস্য জগন্নাথ দেবনাথ জানান, আমার বিরুদ্ধে অভিযোগ করেছে শুনেছি। আমাকে জেলে কার্ড ও রেশন কার্ডধারী বাদে তালিকা দিতে বলা হয়েছে। প্রথম তালিকায় অনেকের নামে অভিযোগ ছিল, সে কারণে পরবর্তীতে তালিকা থেকে তাদের অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারা প্রথম তালিকা নিয়ে অভিযোগ করছে। তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে।
