মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন শহীদের ইন্তেকাল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক প্রকাশ
পিরোজপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন শহীদ (৭০) গত রাতে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সষ্টিটিউটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
স্বরূপকাঠী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এই বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের সময় দখলদার পাক বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে কয়েকটি সম্মূখ যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, আমেরিকা ও বৃটেন প্রবাসী দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তাকে আজ বুধবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্বরূপকাঠী পৌর এলাকার ২নং ওয়ার্ডের স্বরূপকাঠী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা জাহিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম এমপি। তিনি এক শোক বার্তায় জানান, সৎ, সাহসী এই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল।
এছাড়া সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এডভোকেট ফুয়াদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
