প্রধান সূচি

পিরোজপুরে ‘করোনা চিকিৎসা ও প্রতিষেধক’ প্রচারণা ॥ হোমিওপেথিক ডাক্তারের অর্থদন্ড

করোনাভাইরাসের চিকিৎসা করা ও প্রতিষেধক পাওয়া যায় এমন সাইনবোর্ড টানিয়ে ওষুধ বিক্রির দায়ে শ্যাম দুলাল হালদার নামে এক হোমিওপেথিক চিকিৎসককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এ অর্থদন্ড করেন। অর্থদন্ডপ্রাপ্ত শ্যাম দুলাল হালদার শহরের বাইপাস সড়ক সংলগ্ন মন্ডল পাড়ার রসরাজ হোমিও হলের মালিক।
জানা গেছে, শ্যাম দুলাল হালদার তার নিজের ফার্মেসিতে করোনার প্রতিষেধক ওষুধসহ চিকিৎসা দেওয়া হয় বলে একটি সাইনবোর্ড টানিয়ে দেন। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল জানান, কোন ব্যক্তি কোন পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করতে পারবে না, এমন আইনে তাকে এ অর্থদন্ড করাসহ মিথ্যা সাইনবোর্ড সরিয়ে নিয়ে তাকে সতর্ক করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ফার্মেসির মালিক শ্যাম দুলাল হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের কোন প্রতিষেধক আবিস্কার হয়নি।
এদিকে, পিরোজপুরে বুধবার নতুন আরও দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন রয়েছেন একটি এনজিও’র নির্বাহী পরিচালক ও নারী নেত্রী। তার বাড়ি জেলার ভান্ডারিয়া উপজেলায়। করোনা আক্রান্ত অন্যজনের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial