করোনাভাইরাস সংক্রমণ রোধে
স্বরূপকাঠীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ও অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার দু’টি ভাগে বিভক্ত হয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে মানুষের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণসহ অভিযানে নামেন।
এসময় উপজেলায় সব রকমের জনসমাগম, যানবাহন, দোকান পাট বন্ধ রাখতে মাঠে তাদের কঠোর অবস্থানে দেখা যায়।
প্রশাসনের পূর্ব নির্ধারিত আইন মেনে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধসহ চালকরা যানবাহন চলাচল বন্ধ রাখেন। তবে রাস্তার পাশে অলিগলির কিছু কিছু দোকানপাট আইন অমান্য করে খোলা ছিল। তাদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু তাদেরকে কঠোর হুশিয়ারি দিয়ে দোকান বন্ধ রাখতে নির্দেশ দেন। একইসাথে রাস্তাঘাটে তিন চাকা বিশিষ্ট অটো, রিক্সা চলতে দেখায় গাড়ী থেকে যাত্রী নামিয়ে তারা ওইসব যানবাহনও বন্ধ করে হুশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে সকালে উপজেলা চত্বরের সামনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তলন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, ওসি কামরুজ্জামান তালুকদার প্রমুখ।
