মোল্লারহাটে আ’লীগ নেতাকে হত্যার চেষ্টা
বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পোল্ট্রি ব্যবসায়ী এমদাদুল হক (৪৫)কে হত্যার উদ্দেশ্যে তার ফার্মে ঢুকে মটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য রক্ষা পেয়েছে ব্যবসায়ী ও তার কর্মচারীরা। বুধবার রাতে উপজেলার কামারগ্রামে মৌলি ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। এমদাদুল হক কামারগ্রামে অবস্থিত মৌলি ডেইরি ফার্মের মালিক।
ফার্মের ম্যানেজার পলাশ আহমেদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফার্মের বাউন্ডারির মধ্যে লোকের উপস্থিতি টের পাই। পরে মালিককে ফোন করি এবং যে পাশে শব্দ হচ্ছিল আমরা ওই পাশে দৌড়ে যাই। এর মধ্যে ফার্মের মালিক এমদাদুল হক চলে আসেন। তিনি গেটের সামনে মটর সাইকেল রেখে ভিতরে প্রবেশ করেন। কিছুক্ষন পরেই দেখি গেটের সামনে আগুন জলছে। আমরা দৌড়ে যেয়ে দেখি মটরসাইকেলটি পুড়ছে। ফার্মের মধ্যে আমাদের থাকার ঘরেরও ভেন্টিলেটর ভেঙ্গেছে দুর্বৃত্তরা। সময় মত আগুন দেখতে না পেলে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো বলে উল্লেখ করেন তিনি।
প্রতিবেশি আমির আলী, ফয়সাল শেখসহ কয়েকজন বলেন, রাতে ডাকচিৎকার শুনে ফার্মের দিকে আসি। এসে দেখি মটরসাইকেলে আগন জ¦লছে। ফার্মের কর্মীরা নেভানোর চেষ্টা করছে। আমাদের মনে হয় ফার্মের মালিক এমদাদুল হককে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ধরণের কাজ করতে পারে।
ফার্মের মালিক এমদাদুল হক বলেন, ফার্মের ম্যানেজারে ফোন পেয়ে আমি দুইজন লোক নিয়ে ফার্মে আসি। গেটের সামনে মটরসাইকেল রেখে ফার্মের ভেতরে প্রবেশ করি। কোথাও কোন লোক লুকিয়ে আছে কিনা তা খুজতে থাকি। কিছুক্ষন পরে গেটের বাইরে আগুন জ¦লতে দেখি। সবাই দৌড়ে এসে দেখি গেটের সামনে আমার এ্যাপাচি আরটিআর মটরসাইকেলটি আগুনে পুড়ছে। ফার্মের মটর ছেড়ে পানি দিয়ে অনেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হই। এতক্ষনে মটরসাইকেলটি পুড়ে ছাঁই হয়ে যায়। সংঘবদ্ধ একটি গ্রুপ হয়ত আমাকে হত্যার উদ্দেশ্যে ফার্মে প্রবেশ করেছিল। তার্গেট মিস হওয়ায়, আমার মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
আটজুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিকলু মোল্লা বলেন, এমদাদুল হককে হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ফার্মে প্রবেশ করেছিল। যারা এই ন্যাক্কার জনক কাজের সাথে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি।
মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, একটি অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। ফার্মের মালিক অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
