পিরোজপুরে ৩২ জন হোম কোয়ারেন্টাইনে
পিরোজপুরে ৩২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরা সবাই প্রবাসী। বিভিন্ন দেশ থেকে তারা বাংলাদেশে এসেছেন। এদের মধ্যে জেলার মঠবাড়িয়া উপজেলায় সর্বাধিক ১৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া পিরোজপুর সদর উপজেলায় ৪ জন, ভান্ডারিয়া উপজেলায় ৫ জন, ইন্দুরকানী উপজেলায় ৩ জন এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তারা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।
পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকি এ তথ্য জানান। তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই প্রবাসী। তারা সম্প্রতি দেশে এসেছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মাঠ পর্যায়ে থাকা স্বাস্থ্য কর্মীরা সার্বক্ষনিক নজরে রাখছেন।
এদিকে, পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমন রোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা যাতে বাইরে বের হতে না পারে সে বিষয়ে নজরদারী করা হচ্ছে।
পিরোজপুর জেলা কারাগারের সুপার মো. শামীম ইকবার জানান, করোনাভাইরাস মোকাবেলায় কারাগারের অভ্যন্তরে ব্যাপক সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারাগারে আসা নতুন কয়েদীদের স্যানিটেশনের মাধ্যমে কারাগারের ভিতরে নেয়া হচ্ছে। তাদের পোষাক ধোয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কারাগারে অবস্থানরত আসামীদের সাক্ষাতকার প্রার্থীদের বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এদিকে, পিরোজপুর সদর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে কমিটি গঠন করা হয়েছে। বুধবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি বিদেশ থেকে আসা ব্যক্তিদের বিষয়ে খোঁজ খবর রেখে প্রয়োজনীয় তথ্য প্রদান করবে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করে তুলতে কাজ করবে।
