পিরোজপুরে শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্চিত
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে চালিতাখালী গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের হাতে অপর এক শিক্ষক লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ইউনিয়নের ১নং চালিতাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, বিদ্যালয়ের বিভিন্ন কাজ-কর্মের বিষয় নিয়ে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম এবং সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে বসে গালিগালাজ করে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। এর প্রতিবাদ করায় শিক্ষক ও শিক্ষার্থীদের সামনেই সহকারী শিক্ষক মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্চিত (মারধর) করে এবং জীবননাশের হুমকি দেয় শিক্ষক জাহিদুল ইসলাম। এ ঘটনায় সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, শিক্ষক লাঞ্চনার ঘটনার পিরোজপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
