জমি নিয়ে বিরোধের জের
ভান্ডারিয়ায় আইনজীবী সহকারীকে পিটিয়ে হত্যা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম রাজপাশা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. আল-আমীন খান (৩৫) নামে এক আইনজীবী সহকারীকে (মহরার) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে খুলনা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আল-আমীন খান উপজেলার ধাওয়া ইউনিয়নের পশ্চিম রাজপাশা গ্রামের মো. মান্নান খানের ছেলে। সে ঢাকায় উচ্চ আদালতের একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করে আসছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম রাজপাশা গ্রামের মো. জসিম খান ও তার পরিবারের সদস্যদের সাথে প্রতিবেশী আল-আমীনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। প্রতিপক্ষ বিরোধীয় ওই জমিতে সম্প্রতি ভবন নির্মানের কাজ শুরু করে। জমির মালিকানা দাবিদার আল-আমীনের বাবা মান্নান খান ও মেজ ভাই রিয়াজ খান এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে প্রতি পক্ষ জসিম খান আল-আমীনকে তাদের বাড়িতে ডেকে নিয়ে হুমকী-ধামকী দেয়। আল-আমীন এর প্রতিবাদ করলে জসিম খান ও তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু ঘটে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
