স্বরূপকাঠীতে ইচ্ছামত অফিস করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা !
নিয়মিত অফিস করেন না নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস। নিজের ইচ্ছামত অফিসে আসেন তিনি, আবার চলেও যান তার সুবিধা অনুযায়ী। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবারও সকাল ১০টা পর্যন্ত তার অফিস ছিল তালাবদ্ধ।
এদিকে, নেছারাবাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু উপজেলা প্রশাসন ফেসবুক আইডিতে একটি পোষ্ট দিলে মূহুর্তেই ইউএনও এর দেয়া ওই পোষ্টটি বাইরাল হয়ে যায়। প্রকল্পব াস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে।
আমিনুল ইসলাম তালুকদার নামে এক স্কুল শিক্ষক মন্তব্য করে বলেন, স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য। উর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নিবেন। সিকদার অরূপ নামে অপর এক ব্যক্তি মন্তব্য করে বলেন, স্যার অফিসিয়াল ব্যবস্থা নিতে পারেন আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে।
এ ব্যাপারে জানতে চাইলে সকাল ১০-২৪ মিনিটে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাসের মোবাইলে কল দিলে তিনি বলেন, আমি গাড়ীতে। অফিসে আসতে দেরির কারণ জানতে তিনি বলেন, সব সময় তার দেরি হয় না। মাসে ১৫ থেকে ২০ দিন তার মাঠে থাকতে হয়। তাই অফিসে উপস্থিত হতে দেরি হয়।
জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে মানষ কুমার দাস গত এক বছর ধরে নেছারাবাদ উপজেলায় কর্মরত আছেন। তার বাড়ী বরিশালে। পরিবার নিয়ে তিনি সেখানে থাকেন। যখন ইচ্ছা হয় তখন বরিশাল থেকে অফিসে আসেন।
ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, তিনি প্রতিদিনই অফিসে অনেক দেরি করে আসেন। প্রায় সময়ই তার অফিসে তালা ঝুলানো দেখা যায়। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
