বিএনপি জামায়াত অপশক্তি ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলে ওরা আবার ঝাঁপিয়ে পড়বে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতে এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে যা বিশে^র ইতিহাসে বিরল। বিএনপি জামায়াত অপশক্তি এখনও ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলে ওরা আবার ঝাঁপিয়ে পড়বে, ওদের মোকাবেলা করার জন্য দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে একটি পরিবার। আমাদের এ পরিবারের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দল ভাল থাকলে আমরা ভাল থাকবো। নেতাদের আচরণে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী দলের সকল কর্মকান্ড এবং সকল পর্যায়ের কমিটি গঠনের জন্য তিনি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
পিরোজপুরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রচার সম্পাদক এডভোকেট খান মো. আলাউদ্দিন প্রমুখ।
জেলা কমিটির সভায় জেলার ৭টি উপজেলা, ৪টি পৌরসভা এবং জেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সম্মেলন আয়োজনের চিঠি প্রেরণসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়।
