জলবায়ু সম্মেলনকে সামনে রেখে পিরোজপুরে সনাক’র মানববন্ধন
স্পেনের মাদ্রিদে কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে পিরোজপুরে মানববন্ধন পালন করেছে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সনাক পিরোজপুরের সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি এম. এ রব্বানী ফিরোজ। মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন আমাদের প্রাণ, সুন্দরবনকে রক্ষা করতে হবে। আসন্ন কপ-২৫ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের দাবীসমূহ জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, আজ আমাদের ১৬ কোটি জনগণের চাহিদা হলো ঋনের বদলে অনুদানভিত্তিক ক্ষতিপূরণ। জলবায়ু পরিবর্তনের জন্য মনুষ্য কর্তৃক সিএফজি গ্যাস নি:সরণ ও এর ফলে ভূপৃষ্ঠের ওজন স্তরের ক্ষয় দায়ী। তিনি কার্বন নি:সরণ হ্রাসে শিল্পোন্নত দেশসমূহকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, স্বজন এর সমন্বয়ক ও উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, স্বজন সদস্য মো. আব্দুর রাজ্জাক মোল্লা ও মো. মহিউদ্দীন আকন্দ, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, সনাকের ইয়েস গ্রুপের দলনেতা ইমরান রহমান, সহ-দলনেতা মো. জোবায়ের মাঝি।
মানববন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ টিআইবি’র কর্মীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন টিআইবি’র সহকারী ম্যানেজার জি. এম. মাজহারুল আলম।
