পিরোজপুরে তরুনীকে গণধর্ষণ ॥ গ্রেফতার দুই
মোবাইল ফোনে সম্পর্ক করে পিরোজপুর শহরের মধ্যরাস্তার এক পিতৃহীনা এক তরুনী (১৮)কে গণধর্ষন করা হয়েছে। গণধর্ষণের অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত যুবকদ্বয় হলো পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে শুভ শেখ (২০) ও দাউদপুর-পুখরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে বেলাল খান (২২)।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল জানান, নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার মহিষমারা গ্রামের মৃত সত্তার মল্লিকের এ মেয়েটি তার বিধবা মায়ের সাথে পিরোজপুর শহরে বসবাস করত। শুক্রবার রাতে ৫ বন্ধু মিলে কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রামে হাবিলের ঘরে মেয়েটিকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে শনিবার সকাল ৭টার দিকে নির্যাতিতা মেয়েটি পিরোজপুর সদর থানায় এসে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে ধর্ষনের কথা জানায়। অভিযোগে সে বলে পূর্ব পরিচয়ের জের ধরে গ্রেফতারকৃত শুভ শেখ মেয়েটিকে শুক্রবার সন্ধ্যায় শহরের সিও অফিসের মোড় থেকে মোটর সাইকেলে করে কৈবর্তখালী নিয়ে ৫ জন মিলে গণধর্ষণ করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে শনিবার শুভ ও বেলালকে ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে জানান ওসি।
