পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনার পাইকগাছায় ছালাম গাজী (৫৫) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় মনিরুল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে।
বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের একটি রাস্তার উপর হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ছালাম গাজী ওই এলাকার মৃত মোহর আলীর ছেলে। পেশায় তিনি একজন মাছের ঘের ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯ টার দিকে পূর্ব গজালিয়া গ্রামের মৃত মোহর আলী গাজীর ছেলে আব্দুস সালামকে কে বা কারা বাঁধের উপর কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে।
উপজেলার চাঁদখালী ও লস্কর ইউনিয়নের মধ্যবর্তী বিরোধপূর্ণ মিনহাজ নদী দখল-পাল্টা দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ বলেন, কে বা কারা রাতে ছালাম গাজীকে কুপিয়ে গজালিয়া গ্রামের একটি রাস্তার উপর ফেলে রেখে যায়। তাকে মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।
