পিরোজপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক
জেলার স্বরূপকাঠীতে ১০০ পিস ইয়াবাসহ অপু হাওলাদার (২৪) এবং ১০০ গ্রাম গাঁজাসহ মো. মুন্না খান (২৮) নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকের মামলা দায়ের করে মঙ্গলবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে স্বরূপকাঠী থানার এসআই মো. নজরুল ইসলাম, এসআই মো. ওবায়দুর ও এএসআই শরিফুলের নেতৃত্বে পুলিশ উপজেলার দক্ষিনপাড় বন্দরে কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথকাঠি এলাকার দেলোয়ার হোসেন টুটুলের ছেলে মো. অপু হাওলাদারকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে, এসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. নাঈম ও এএসআই মো. সোহেলের নেতৃত্বে পুলিশ উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথকাঠি এলাকার মো. হানিফ খানের ছেলে মো. মুন্না খানকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
