পিরোজপুরে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে দেখা মেলেনি সূর্যের ॥ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে
বঙ্গোপসাগরে অবস্থানরত নি¤œচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পিরোজপুরে শুক্রবার সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। পাশাপাশি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। রাস্তাঘাটেও কমেছে সাধারণ মানুষের চলাচল।
এদিকে, ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষতির পরিমান যাতে কমিয়ে আনা যায় সে জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, ইতিমধ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলার ২২২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, জেলার মঠবাড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ১২৭৫ জন স্বেচ্ছাসেবক মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানান সংগঠনের সহকারী পরিচালক আব্দুল লতিফ।
