প্রধান সূচি

স্বরূপকাঠীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী খেয়া নৌকা ডুবি

স্বরূপকাঠীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি খেয়া নৌকা ডুবে ৬ যাত্রী আহত হয়েছে। আহত খেয়া যাত্রীরা উপজেলার বিভিন্ন এলাকার হওয়ায় প্রাথমিকভাবে একজনের নাম পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম ঠিকানা জানা যায়নি। পরিচয় পাওয়া ওই আহত যাত্রীর নাম আবুল বাশার (৬০)। তার বাড়ি উপজেলার জগন্নাথকাঠি গ্রামে।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ জগন্নাথকাঠি বন্দরের কাঠের পুল নামক স্থানে দক্ষিণ ও উত্তর পাড় দুই বন্দরের সংযোগ খালে এ দুর্ঘটনা ঘটে। বালু বোঝাই বাল্কহেডটি ওই খাল দিয়ে জোয়ারের সাথে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্কহেডটি আটক করে থানায় নিয়ে আসেন।

স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বালু বোঝাই ওই বাল্কহেডটির বেপরোয়া গতির কারণে যাত্রী বোঝাই খেয়া নৌকাটির সাথে ধাক্কা লেগে এ র্দুঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে কাঠেরপুল এলাকার ওই খালের দক্ষিণ পাড় থেকে ৪৫ জন যাত্রী নিয়ে খেয়া নৌকাটি উত্তরপাড় বন্দরে আসছিল। এমন সময় খালের পূর্ব দিক থেকে এমবি রাব্বি নামে বালু বোঝাই একটি বাল্কহেড দ্রুত গতিতে চালিয়ে এসে খেয়া নৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি কাঁত হয়ে ডুবে যায়। যাত্রীরা সবাই কোনমতে সাঁতরে তীরে উঠলেও ৬ যাত্রী আঘাতপ্রাপ্ত হয়।

জানা গেছে, পৌর শহরের জগন্নাথকাঠি বন্দর সংলগ্ন শিতলার খালে লোহার ব্রিজটি দেড় মাস আগে একটি বাল্কহেডের ধাক্কায় বিধ্বস্ত হয়। সেদিন থেকে ওই জায়গা থেকে খেয়ায় করে যাত্রী পারাপার শুরু হয়। ব্যস্ততম ওই ব্রিজটি মেরামত করতে পৌর কর্তৃপক্ষ বিলম্ব করায় জনদূর্ভোগ বেড়ে চলছে।

পৌর মেয়র গোলাম কবির জানান, বিভিন্ন কারণে ব্রিজটি মেরামতে বিলম্ব হয়েছে। বর্তমানে দ্রুততার সাথে কাজ চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial