দুর্নীতির উর্ধ্বে থেকে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে … গণপূর্ত মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, আজরাইল কিন্তু ঘুষ খায় না, তাই ঘুষ দিয়ে আমরা আমাদের মৃত্যু ঠেকাতে পারবো না। আমাদের সকলের মৃত্যু নিশ্চিত, শুধু সময়টা অনিশ্চিত। এ কারণে অনিয়ম-দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়ে লাভ কি? তাই আসুন আমরা যারা জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছি তারা সকল অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে জনগণের সেবক হয়ে কাজ করি।
শুক্রবার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা ডাকবাংলো চত্ত্বরে নাজিরপুর এলজিইডি’র আয়োজনে উপজেলার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, দলমত নির্বিশেষে সকলে মিলে সহযোগিতা করলে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনের উন্নয়ন এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক দলীয় মত পার্থক্য থাকতেই পারে, তা আমরা মাঠে মোকাবেলা করবো। কিন্তু উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের অংশ গ্রহন করা উচিৎ। কারণ মানুষ মরণশীল। মৃত্যুর পরও যেন মানুষের মাঝে বেঁচে থাকা যায়, সেজন্যই আমাদের সবার ভাল কিছু করে যাওয়া উচিত।
মন্ত্রী বলেন, পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। এর মধ্যে জেলার স্বরূপকাঠী উপজেলার সাথে নাজিরপুর উপজেলা হয়ে পিরোজপুর সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের জন্য সন্ধ্যা নদী, তালতলা নদীতে ব্রীজ, কালভার্টসহ রাস্তা তৈরির সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যেই শেষ হয়েছে।
তিনি বলেন, আমরা জনপ্রতিনিধিরা যারা যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সে এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষদের নিয়ে একত্রে কাজ করতে হবে। এলাকার সবার মতামত নিয়ে অগ্রাধিকার ভিত্তিতেই কাজ করে যেতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতারের সভাপতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আখতারুজ্জামান খান কবির, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু, সুমন মন্ডল মিঠু, মাস্টার ওয়ালিউল্লাহ, আশুতোষ বেপারী, আকতারুজ্জামান গাউস, মোশারেফ হোসেন খান, মনিরুজ্জামান আতিয়ার, উত্তম মৈত্র, হাসনাত ডালিম।
মতবিনিময় সভায় নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তাদের তুলে ধরেন।
