প্রধান সূচি

সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ … তথ্য কমিশনার সুরাইয়া বেগম

বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার ও সাবেক সিনিয়র সচিব সুরাইয়া বেগম এনডিসি বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। রাষ্ট্রের সকল কিছু জনগণকে অবহিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তথ্য অধিকার আইন-২০০৯ প্রনয়ন করেছেন।

বুধবার বিকেলে তথ্য কমিশন এবং পিরোজপুর উপজেলা পরিষদের আয়োজনে পিরোজপুরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক এক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার আইনটি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য এ ধরনের সভার আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের সু-শাসন নিশ্চিত করতে দেশবাসীকে তথ্য জানানোর ব্যবস্থা করা হচ্ছে। এ আইনটি এমন একটি আইন যে আইন জনসাধারণ আমাদের উপর অর্থাৎ সরকারি কর্মকর্তাদের উপর প্রয়োগ করতে পারবে। আমাদের সংবিধানে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে। সঠিক তথ্য না পেলে জনসাধারণ অন্ধকারে থাকবে। ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেসি এ্যাক্ট তথ্য প্রদানে সবচেয়ে বড় বাঁধা ছিল। তথ্য অধিকার আইন প্রনয়ণের ফলে সে বাঁধা দূর হয়েছে। এখন দেশের যে কোন নাগরিক কয়েকটি ক্ষেত্র ছাড়া সকল তথ্য অবাধে পাচ্ছে।

পিরোজপুর সদর উপজেলা পরিষদের নবনির্মিত শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনঅবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও সহকারী সচিব এ কে এম হেদায়েতুল ইসলাম।

সভা পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ দাস।

সভায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে তথ্য কমিশনার সুরাইয়া বেগম একই স্থানে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন এ কে এম হেদায়েতুল ইসলাম।

প্রশিক্ষণে পিরোজপুরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ ৬০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial