বাগেরহাটে মশার উপদ্রব্যের কারণ ও প্রতিকার শীর্ষক গোলটেবিল বৈঠক
বাগেরহাট পৌরসভায় মশার উপদ্রবের কারণ চিহ্নিতকরণ ও প্রতিকারে করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের এডভোকেসি টিম এ গোল টেবিল বৈঠকের আয়োজন করে।
গোল টেবিল বৈঠকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, ও সুশীল সমাজের প্রতিনিধিরা মশার উপদ্রবের কারণ চিহ্নিতকরণ ও প্রতিকারে করণীয় সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের এডভোকেসি টিম সম্প্রতি বাগেরহাট পৌরসভার নাগরিকদের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে তাহলো মশার উপদ্রব। পৌর কর্তৃপক্ষকে ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা করা, মাঝে মাঝে ড্রেনে মশা নিধনের ওষুধ ছিটানো ও মরে যাওয়া খালগুলোর সংষ্কার করার পরামর্শ দেন। পৌরসভা উদ্যোগী হলে মশার সমস্যা সমাধান হবে বলে তারা মতামত দেন।
পৌরসভার পক্ষ থেকে গোল টেবিল বৈঠকে প্রতিনিধিত্ব করেন বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তালুকদার আব্দুল বাকি। গোল টেবিল বৈঠকে উঠে আসা নানা সমস্যার কথা শুনে মশার উপদ্রব কমিয়ে আনতে পৌর কর্তৃপক্ষের করণীয় কি তা তুলে ধরে তিনি বলেন, মশার উপদ্রব কমাতে খুব শিগগির নানা পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। চলতি বছরে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা প্রশস্থ করতে নতুন নতুন ড্রেন করার জন্য দরপত্র আহ্বান করা হবে। তবে পৌরবাসীকে একাজে জনগনকে সহযোগিতা করতে হবে। জনগন যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে তাহলে মশার উপদ্রব থাকবে না।
গোল টেবিল বৈঠকে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়ন কর্মী রিজিয়া পারভীন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, সনাকের অধ্যাপক চৌধুরী আব্দুর রব, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, সাংবাদিক এডভোকেট মোজাফফর হোসেনসহ ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের এডভোকেসি টিমের মাস্টার ট্রেইনাররা।
