লোকালয়ে সুন্দরবনের হরিণ ॥ ফেরত পাঠালো বনবিভাগ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা উপজেলার বনসংলগ্ন এলাকা থেকে লোকালয়ে চলে আসা একটি পুরুষ চিত্রল হরিণ উদ্ধার করে ফের বনে ফেরত পাঠিয়েছে বনবিভাগ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ওয়াইল্ড টিম, সিপিসি, ভিটিআরটি গ্রুপের সদস্যরা হরিণটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, সকাল ৯টার দিকে তিনি গ্রামে হরিণ আসার খবর জানতে পেরে সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এসময় গ্রামবাসীর তাড়া খেয়ে হরিণটি ওই গ্রামের হারেজ মল্লিকের ঘরে ঢুকে পড়ে। পরে সবাই মিলে সেটি উদ্ধার করে বনবিভাগের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, উদ্ধার হওয়া পুরুষ হরিণটির ওজন প্রায় ৪০ কেজি। সকাল সাড়ে ৯টার দিকে রেঞ্জ সংলগ্ন বনে সেটি অবমুক্ত করা হয়েছে।
