স্বরূপকাঠিতে চেয়ারম্যান প্রার্থীর ব্যাতিক্রমী প্রচারণা
স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ছিদ্দিকুর রহমান (আম প্রতীক) মাইক নিয়ে নিজেই প্রচারণা চালাচ্ছেন। মাইকে নির্বাচনী প্রচরণামূলক অডিও বাজিয়ে রিক্সা নিয়ে বুধবার মাগরিব নামাজ বাদ উপজেলা রোডে নিজের প্রচারকার্য চালাতে দেখা গেছে প্রার্থী সিদ্দিকুর রহমানকে। একই সাথে মাইক নিয়ে এমন প্রচারকার্য চালানোর সাথে সাথে প্রার্থী নিজেই আবার কখনো হ্যান্ডবিল বিলি আবার নির্বাচনী পোষ্টারও লাগাচ্ছেন।
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা থেকে চেয়ারম্যান পদে মাঠে মোট ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি দুই চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস,এম মুইদুল ইসলাম (নৌকা) স্বতন্ত্র আব্দুল হক (আনারস)।
৪র্থ ধাপের স্বরূপকাঠী উপজেলা নির্বাচনে যেখানে অন্য চেয়ারম্যান প্রার্থীরা কর্মী-সমর্থক নিয়ে জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সেখানে একজন চেয়ারম্যান প্রার্থীর এমন ব্যতিক্রমী প্রচারণার কারণ জানতে চাইলে পিরোজপুর জেলা এনপিপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের পার্টি (দলের) পরিচিতি তুলে ধরতে মাইক নিয়ে নিজেই প্রচারণায় নেমেছেন। এতে যেমনি দলের পরিচিতি বাড়ছে তেমনি তাদের নির্বাচনী প্রচারণাও বেশি হচ্ছে বলে দাবী করেন। আনোয়ার হোসেন আরো বলেন, তাদের প্রার্থী বয়সের দিক দিয়ে প্রবীণ হলেও মনের দিক দিয়ে সে একজন নবীন। এরকম ব্যতিক্রমী প্রচারণা তার একটি সৃজনশীল উদ্যোগ বলে তিনি মনে করেন।
এদিকে, চেয়ারম্যান প্রার্থী ছিদ্দিকুর রহমানের এমন ব্যতিক্রমী প্রচারণা ভোটারদের কাছে যেমন হাস্যরসে পরিণত হয়েছে তেমনি বিষয়টি স্থানীয় বাসিন্দারা একটি ভাল দিক হিসেবেও দেখছেন বলে অনেকে জানান।
এমন কৌতুহলোদ্দীপক প্রচারণা চালানো চেয়ারম্যান প্রার্থী ব্যক্তিটি হলেন উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা। বয়স তার সত্তরের কাছাকাছি। তিনি এর আগে গত স্বরূপকাঠি পৌর নির্বাচনে দল থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে জমাদানকালে ত্রুটিজনিত কারণে তখন তার মনোনয়নপত্র বাতিল বলে গন্য হয়েছিল। এবার স্বরূপকাঠী উপজেলা নির্বাচনে দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন। চেয়ারম্যান প্রার্থী ছিদ্দিকুর রহমান পেশায় ছোট খাট একজন ব্যবসায়ী। স্ব শিক্ষায় শিক্ষিত তিনি।
