জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭৪ চাষে কৃষকদের প্রশিক্ষণ
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে রবিবার হারভেস্ট প্লাস বাংলাদেশ ও স্বদেশ উন্নয়ন কেন্দ্র সুখ ভান্ডারিয়া শাখার যৌথ উদ্যোগে জিং সমৃদ্ধ ব্রি-ধান ৭৪ চাষের উপকারিতা সম্পর্কে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় জিংক সমৃদ্ধ ধান ব্রি-ধান ৭৪’র বৈশিষ্ট, এর উপকারিতার এবং এ ধান চাষে স্থানীয় প্রজাতির ধান চাষের চেয়ে খরচ কম এবং উৎপাদন বেশী এ ধরনের নানা বিষয় স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।
কর্মশালায় বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়উন কবির, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সবুজ হোসেন, মো. মেহেদী হাসান, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর এআরডিও মো. জাহিদ হোসাইন, স্বদেশ উন্নয়ন কেন্দ্র সুখ’র মো. সেলিম হাওলাদার প্রমূখ।
এসময় প্রায় শতাধিক কৃষক এ ধানে মানবদেহের জিংকের অভাব দুর হওয়া, শিশুদের মেধা বিকাশের সহায়ক এবং চাষে খরচ কম ও উৎপাদন বেশি হওয়ায় এ ধান চাষে আগ্রহ প্রকাশ করেন।
