ছাত্রলীগের এক গ্রুপের হামলায় অপর গ্রুপের নেতা সজল আহত
পিরোজপুরে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে ৯ দিনের ব্যবধানে আবারও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে একই দলের প্রতিপক্ষ গ্রুপের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল আহত হয়েছেন। দুপুর ১ টার দিকে পিরোজপুর সদর থানার মাত্র ২০ গজ দুরত্বে থানা সড়কে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. অনিরুজ্জামান অনিককে নিয়ে তার সমর্থকরা মোটর শোভাযাত্রা সহকারে শহরে যাওয়ার সময় থানা সড়কে প্রতিপক্ষ গ্রুপের সজলকে সামনে পেয়ে তার (সজল) উপর হামলা করে এলোপাথারীভারে মারধর করে। এ সময় সজল একটি মোটর সাইকেলে করে আর অপর দুই সমর্থক নিয়ে যাচ্ছিল। মারধরে ঘটনা দেখে পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে সজলকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, হামলার খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে।
উল্লেখ্য, আহত সজল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের উপর হামলা এবং আহত করার প্রধান আসামী। সে মামলায় আদালত তেকে জামিনে মুক্ত রয়েছে সজল। অভিযোগ রয়েছে, গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিককে কুপিয়ে ও পিটিয়ে আহত করে সজলের নেতৃত্বাধীন ছাত্রলীগের একটি গ্রুপ।
এদিকে, ছাত্রলীগ নেতা সজলের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বড় ধরনের সংঘাত সৃষ্টির আশংকা দেখা দিয়েছে।
