জেলা ছাত্রলীগ সম্পাদককে আহতের ঘটনায় মামলা দায়ের ॥ আটক-২
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনায় ১৭ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অনিকের পিতা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু বাদী হয়ে সোমবার রাতে এ মামলা দায়ের করেছেন। মামলায় জেলা ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ সজলকে প্রধান আসামী করে এজাহার নামীয় ১২ জনসহ মোট ১৭ জনকে আসামী করা হয়েছে। পুলিশ এ ঘটনায় শহরের কৃষ্ণনগর এলাকা থেকে কাঠ ব্যবসায়ী শাহজান হাওলাদারের ছেলে রাহেল হাওলাদার (২৩) ও মধ্য রাস্তার আ. ছালাম শেখের ছেলে মো. সাজু শেখকে (২২) গ্রেফতার করেছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও পোষ্টার কলেজ ক্যাম্পাসে টানিয়ে ছিলেন। আসামীরা ওই ব্যানারগুলো পরিকল্পিতভাবে ছিড়ে ফেলে ভাংচুর করে। এ সংবাদ পেয়ে ছাত্রলীগ নেতা অনিক গত ২৪ ফেব্রুয়ারী বেলা দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে গিয়ে উপস্থিত জেলা ও কলেজ ছাত্রলীগের প্রাক্তন কর্মীদের (আসামীদের) জিজ্ঞাসা করলে তারা এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাকে ঘিরে ফেলে। এসময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কোপ এবং ইট, লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
আহত ছাত্র নেতা অনিক বর্তমানে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে চিকিৎসাধীন রয়েছেন।
