বেলায়েত হোসেন সভাপতি ॥ শহীদুল হক সম্পাদক
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ১৫টি পদে বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদকসহ ৩টি পদে দলীয় বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক, সরকারী কৌশলী (জিপি) মো. শহিদুল হক খান নির্বাচিত হয়েছেন। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শুধুমাত্র ১টি সদস্য পদে বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২৯২ জন ভোটারের মধ্যে ২৭৩ জন সদস্য ভোট প্রদান করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ভোট গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মো. মোস্তফা কামাল শামিম।
নির্বাচনে সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী এস. এম. বেলায়েত হোসেন ১৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী দলীয় বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক খান বাদশা পেয়েছেন ১২৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দলীয় বিদ্রোহী প্রার্থী শহীদুল হক খান। তিনি পেয়েছেন ১০১ ভোট। তার নিকটতম প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ চাব্বির আহম্মেদ পেয়েছেন ৯৩ ভোট।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি এম. ডি. আউয়াল ও নির্মল কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিকদার ও বিনয় কৃষ্ণ ঢালী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক সুখরঞ্জন দেউরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক পদে বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম শরীফ, আপ্যায়ন সম্পাদক সুশেন কুমার হালদার শুভ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক দেব প্রসাদ শীল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), খেলাধুলা সম্পাদক কমল মজুমদার, হিসাব নিরীক্ষক সম্পাদক পদে বিদ্রোহী প্রার্থী মো. ফজলুল রহমান হাওলাদার।
সদস্য পদে নির্বাচিতরা হলেন মো. ইদ্রিস আলী (জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম), পারভীন লুবনা জাহান, মুজিবর রহমান মৃধা, মাহমুদ হোসাইন, রফিকুল ইসলাম শিমুল, মো. শামীম আহমেদ ও সুজন কুমার গাইন।
