পিরোজপুর বসন্ত বরণ ও পিঠা উৎসব
‘আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী, চরণে পায়েলা রুমঝুম মধূপ উঠিছে গুঞ্জরী’ বসন্তের প্রথম সকালে নজরুল গীতির এই ছন্দে দুলে ওঠে পিরোজপুর। পালন করা হয় বসন্ত বরণ ও পিঠা উৎসব।
শিমুল, পলাশ, বকুল ফুটেছে বৃক্ষরাজিতে। কোকিলের কূহু সুর দুলছে মানুষের হৃদয়। বসন্তের বাসন্তী রঙে সেজেছে তরুনরা।
ফাল্গুনকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে উঠে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গন। আয়োজন করা হয় বসন্ত বরণ ও পিঠা উৎসবের। সকাল ১০ টায় এ বসন্ত বরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রমাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বুধবার কলেজ শিক্ষক পরিষদ ও ছাত্র সংসদ কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
বসন্ত বরণ ও পিঠা উৎসবে সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান বাবুল, জেলা উদীচী সভাপতি এডভোকেট এম এ মান্নান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী, পুলিশ সুপারের সহধর্মিনী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহামুদ, সদর থানার ওসি এস এম জিয়াউল হকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কলেজ ছাত্র সংসদের নেতৃবৃন্দ। সকলের অংশগ্রহণে বসন্ত বরণ অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত।
পরে বসন্ত বরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীসহ আমন্ত্রিত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করে।
পিঠা উৎসবে কলেজের ১৪টি বিভাগ অংশ গ্রহণ করে। প্রতিটি ষ্টলে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন বাহারী ডিজাইনের পিঠা স্থান পায়। অতিথি ও দর্শনার্থীরা সুস্বাদু পিঠার ষ্টল ঘুরে দেখেন এবং ক্রয় করে পিঠা বাসায় নিয়ে যান। এসব পিঠার মধ্যে ছিল নক্শী পিঠা, গোলাপী পিঠা, ঝুনঝুনি পিঠা, ঝুমকা, ডালপাতা, তারা, বেনি, মুগের সোলা পিঠা, জল লাউ পিঠা, চমচম পিঠা, নকশি পিঠা, সবজি পিঠা, বালি পিঠা, ত্রিভূজ পিঠা, হৃদয় হরণ পিঠা, ডিমের বিস্কুট পিঠা, মাছ পিঠা, শামুক পিঠা, জাল পিঠা, চালতা ফুল পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, ডিমের চপ পিঠা, নারকেল বরফি পিঠা, ফুল পিঠা ইত্যাদি।
