নিহত ৪ ॥ আহত ৩০
বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী দুরপাল্লার বাসের সাথে ট্রাকের মুখোমূখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। মঙ্গলবার দুপুরে মোংলা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের কলমের দোকান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি। র্দূঘটনার পর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস মোংলা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমূখি সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া পরিবহনের দুই যাত্রী ও ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত ৩০ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও এক যাত্রী মারা যায়। দূর্ঘটনার পর মোংলা-মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
